শফিউর রহমান

জন্ম: ২৪শে জানুয়ারি, ১৯১৮

মৃত্যু: ২২শে ফেব্রুয়ারি, ১৯৫২

জন্মস্থান: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কোন্নগর গ্রাম

শফিউর রহমান ভারতের পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কোন্নগরে জন্মগ্রহণ করেন।

কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আই.কম পাস করে তিনি চবিবশ পরগনা সিভিল সাপ্লাই অফিসে কেরানি পদে চাকরি গ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ঢাকা চলে আসেন এবং ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখায় একজন কেরানি হিসেবে চাকরিতে যোগ দেন।

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি পূর্বাহ্ণে ঢাকার নওয়াবপুর রোডে ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। শফিউর রহমান তখন সাইকেলে করে ঐ পথে অফিসে যাচ্ছিলেন। পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর গুলিবর্ষণ করলে শফিউর রহমান পিঠে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঐদিন সন্ধ্যা ৭টায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

রাত ৩টায় পুলিশ প্রহরায় আজিমপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ২০০০ সালের ফেব্রুয়ারি মাসে শফিউর রহমানকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া