
জন্ম: ১৯২৭ সাল
মৃত্যু: ১৯৫২ সালের ৭ই এপ্রিল
জন্মস্থান: ফেনী জেলার দাগনভূঁ উপজেলার লক্ষণপুর গ্রাম
আবদুস সালাম ১৯২৭ সালে বর্তমান ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সি মুহম্মদ আবদুল ফাজেল মিঞা ও মাতার নাম দৌলতুন্নেসা। সালাম লক্ষণপুর গ্রামের পার্শ্ববর্তী কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। জীবিকা অর্জনের জন্য তিনি অল্প বয়সে কলকাতা চলে যান। তাঁর পিতা ছিলেন একজন দরিদ্র কৃষক। দেশ বিভাগের পর সালাম ঢাকায় ফিরে আসেন। পূর্ব পাকিস্তান সরকারের শিল্প দপ্তরে ইডেন বিল্ডিং এ তিনি পিয়নের কাজ করতেন।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিবর্ষণে সালাম গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তিনি ৭ই এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ সালামের পিতা তাঁর ছেলের খোঁজে ঢাকা মেডিকেল কলেজে আসেন। এখানে এসে তিনি খবর পান যে, তাঁর ছেলের লাশ পুলিশ হেফাজতে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু, আজিমপুর কবরস্থানে গিয়ে তিনি তাঁর ছেলের কবর খুঁজে বের করতে পারেন নি। হাসপাতালের জনৈক কর্মচারী সালামের রক্তমাখা শার্ট, ফুলহাতা গেঞ্জি ও পাজামা তাঁর পিতাকে দেন। তিনি আমৃত্যু এগুলো সংরক্ষণ করেন। ছেলের এই স্মৃতি নিয়েই তিনি বেঁচে ছিলেন।
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় জাদুঘর গ্যালারি পরিচিতি, ভাষা আন্দোলন